আইসিটি খাতের যে ২ ব্যক্তি ৫ প্রতিষ্ঠান পেলো বর্ষসেরা সম্মাননা
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকা রাখায় পাঁচ প্রতিষ্ঠান ও দুইজন উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড। ছয়টি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সাতজন।
এবারে শপআপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক আইসিটি উইমেন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন।
'আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (লোকাল মার্কেট)' পুরস্কার জিতেছে লজিক সফটওয়্যার লিমিটেড এবং 'আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (ইন্টারন্যাশনাল মার্কেট) পুরষ্কার জিতেছে দ্য কাও কোম্পানি। এ ছাড়া, 'ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে এসএসএল ওয়্যারলেস।
শিখো ও ইনস্টাশিউর লিমিটেড পেয়েছে আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার।
ঢাকার লা মেরিডিয়ান হোটেলে শুক্রবার নবম বারের মতো অনুষ্ঠিত হয় এই বার্ষিক সম্মননা অনুষ্ঠান। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন। প্রতিবছর অনুষ্ঠানটিতে সরকারের শীর্ষ ব্যক্তি উপস্থিত থাকলেও এবার মঞ্চে তেমন কাউকে দেখা যায়নি।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর সঙ্গে সম্মাননার আয়োজন সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং লা মেরিডিয়ান কর্তৃপক্ষ।







